জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন রাজারহাট কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। এ সাফল্যের মধ্য দিয়ে তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন—কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), কামিল প্রথম বর্ষের মো. আনিচুর রহমান (সাঈফী) (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা প্রতিযোগিতা)।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো—নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, নজরুলের কবিতা আবৃত্তি, রচনা এবং উপস্থিত বক্তৃতা।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, উপজেলা পর্যায়ে প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। জেলা পর্যায়ে নির্বাচিত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর বিভাগীয় পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান।
কবিতা আবৃতিতে বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়া শিক্ষার্থী, আল আমিন আশিক জানান, আল্লাহর অশেষ রহমত এবং পিতা-মাতা ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের দোয়া ও অকৃত্রিম ভালোবাসায় বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়াটা আনন্দের বিষয়।
উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী আনিচুর রহমান সাইফী জানান, ভাবতেই অবাক লাগছে উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছি। এই অর্জন শুধু একা আমার নয় এখানে মা-বাবা এবং শিক্ষকবৃন্দের অবদান সবচেয়ে বেশি।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো:ফরহাজুল ইসলাম জানান,ছোট বেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। এব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমার প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এবিষয়ে, রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলা মুহাম্মদ আব্দুল হাই বলেন, শিক্ষার্থীদের এই অর্জন
আমার প্রতিষ্ঠানের জন্য গর্বের ব্যাপার। তারা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন, এবং জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। আশা রাখছি তারা তাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করে প্রতিষ্ঠান তথা দেশে অসামান্য অবদান রাখবেন।























