সাজেক অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা: নতুন জয় চাকমার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার এবং সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে তিনি সংগঠনের সভাপতির পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব ঘোষণা দেন।
ভিডিও বার্তায় নতুন জয় চাকমা দাবি করেন, সাজেকে চলমান সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ, খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, সাজেকের চলমান অবরোধ ও বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। তার দাবি, ইউপিডিএফের দলীয় স্বার্থে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠন ও পরিচালিত হয়েছে। এসকল জনস্বার্থ বিরোধী সংগঠনগুলো পরিচালনার্থে গোয়ারগোবিন্দ মার্কা লোক দিয়ে জনস্বার্থ বিরোধী কার্যক্রম হাতে নিয়েছে ইউপিডিএফ।
বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন ইউপিডিএফের অধীনে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষকে ইচ্ছার বিরুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিজ্ঞতা হয়েছে তার। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন বলেও জানান।
নতুন জয় চাকমা বলেন, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করাই তার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি সাজেক কার্বারী এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং পূর্বঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, তার এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়; বরং সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ, অধিকার, মর্যাদা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে।






























