২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত বিস্তারিত পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম।

ধর্মীয় জনমিতি নিয়ে গত ২৫ বছর ধরে নির্ভরযোগ্য প্রতিবেদন প্রকাশ করে আসা পিউ জানিয়েছে, ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়ছে। তবে ইসলামের অনুসারী বাড়ছে অনেক দ্রুতগতিতে। পিউয়ের মতে, এর অন্যতম প্রধান কারণ হলো, অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলিমদের সন্তান জন্মদানের হার বেশি।

পিউয়ের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, এটা মূলত শিশুর সংখ্যা। ধর্মান্তর এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের অন্যান্য কারণের তুলনায় সন্তান জন্মদানের হার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি ব্যাখ্যা করেন।

পিউয়ের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার ছিল নারীপ্রতি ৩.১ জন। এরপর খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২.৫ জন। অন্য সব ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১.৬ জন। এই হার ২.১-এর নিচে, যা একটি প্রজন্মের জনসংখ্যা অপরিবর্তিত রাখতে প্রয়োজনীয় বলে বিবেচিত হয়।

পিউয়ের সবশেষ হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিমদের সংখ্যা ছিল ২০২ কোটি। পিউয়ের নতুন পূর্বাভাস বলছে, ২০৩৫ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা বেড়ে ২৫৭ কোটি এবং খ্রিস্টানদের সংখ্যা বেড়ে ২৫২ কোটিতে দাঁড়াবে।

সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটির বেশি হবে এবং খ্রিস্টানদের সংখ্যা ৩০০ কোটির সামান্য নিচে থাকবে।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর আকার কীভাবে পরিবর্তিত হতে পারে, তা নিয়ে পিউয়ের বৃহত্তর একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এসব হিসাব প্রকাশ করা হয়েছে। ধর্মীয় গোষ্ঠীগুলোর বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামো, সন্তান জন্মদানের হার, ধর্মীয় পরিচয় পরিবর্তন এবং অভিবাসনের সাম্প্রতিক পার্থক্য বিবেচনায় নিয়ে এসব পূর্বাভাস তৈরি করা হয়েছে।

গবেষণায় উঠে আসা উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে, আগামী ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে আর খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা থাকবে না বলে পূর্বাভাস দিয়েছে পিউ। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান। ২০৬৫ সালের মধ্যে এই হার ৫০ শতাংশের নিচে নেমে আসবে।

পিউ জানিয়েছে, প্রতিবেশী কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা মোট জনসংখ্যার ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উভয় দেশে খ্রিস্টানদের সংখ্যা কমে যাওয়ার একটি উল্লেখযোগ্য কারণ হলো, একই সময়ে কোনো ধর্মীয় পরিচয় নেই—এমন মানুষের সংখ্যা বেড়ে যাওয়া। ২০৭০ সালের মধ্যে এ ধরনের মানুষ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। একই সময়ে কানাডায় তাদের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে।

পাল্লা দিয়ে বাড়বে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা

পিউ জানিয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিশ্লেষণ করা ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে শুধু মুসলিম ও খ্রিস্টানদের জনসংখ্যাই এই বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এসময় খ্রিস্টানদের সংখ্যা ৩০ শতাংশ এবং মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বাড়বে।

পিউ জানিয়েছে, হিন্দু ও ইহুদিদের মোট সংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার অনুপাতে তাদের হার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বৌদ্ধদের সংখ্যা এবং বিশ্ব জনসংখ্যার মধ্যে তাদের অনুপাত—উভয়ই কমে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এর একটি কারণ হলো চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সামগ্রিক জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা।

পিউয়ের মতে, আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির অধিকাংশই ঘটবে আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ খ্রিস্টান অথবা মুসলিম। উচ্চ সন্তান জন্মদানের হার এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি—উভয় ধর্মের অনুসারীর বৈশ্বিক সংখ্যা বাড়াতে সহায়তা করবে বলে পূর্বাভাস দিয়েছে পিউ।

পিউ জানিয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিস্টান সাহারা-নিম্ন আফ্রিকায় বসবাস করবেন। এসময় কঙ্গো খ্রিস্টান জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়ে ২৯ কোটি ৯০ লাখে পৌঁছাবে।

বিশ্বের অন্যান্য প্রধান অঞ্চলের জনসংখ্যা তুলনামূলক ধীরগতিতে বাড়বে অথবা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

উদাহরণ হিসেবে পিউ জানিয়েছে, ২০৭০ সালের মধ্যে ইউরোপের জনসংখ্যা ১৭ শতাংশ কমে যাবে। একই সময়ে সেখানে খ্রিস্টানদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে ৫০ কোটি ৫০ লাখ থেকে ৩২ কোটি ৪০ লাখে দাঁড়াবে। একই সময়ে ইউরোপের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের সংখ্যা ২০২০ সালের প্রায় ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ২০৭০ সালে প্রায় ১৭ কোটি ৪০ লাখে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে পিউ।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মূলধারার প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সম্প্রদায় দীর্ঘদিন ধরে অনুসারীর সংখ্যা কমে যাওয়ার সমস্যার মুখে রয়েছে। তবে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোর ধর্মতত্ত্ববিষয়ক অধ্যাপক জেফরি ব্রড মনে করেন, চলতি মাসে অনুষ্ঠিত কংগ্রেস নির্বাচনে এসব মধ্যপন্থি থেকে উদারপন্থি ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত কয়েকজন ডেমোক্র্যাটের বিজয়ের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।

জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সন্তান জন্মদানের হার

পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীরা অন্য যেকোনো ধর্মের নারীদের তুলনায় বেশি সন্তান জন্ম দিয়েছেন। এ সময়ে মুসলিম মায়েদের ঘরে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে। অন্যদিকে, খ্রিস্টান মায়েদের ঘরে জন্ম নিয়েছে ২০ কোটি ৮০ লাখ শিশু।

আগামী কয়েক দশকে জন্মের সংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, এমন প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমরাই একমাত্র গোষ্ঠী। অন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর ক্ষেত্রে জন্মের সংখ্যা হয় স্থিতিশীল থাকবে, নয়তো ধীরে ধীরে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পিউয়ের মতে, সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে পাকিস্তান হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বর্তমানে ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস।

হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক জিনা জারলো ধর্মীয় জনমিতি নিয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি বলেন, পরিবর্তনশীল এই প্রবণতার পরিপ্রেক্ষিতে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার সম্পর্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

ইমেইলে তিনি বলেন, সভ্যতার সংঘাতের তত্ত্ব এখনও কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আছে। উভয় পক্ষের মধ্যেই একে অপরের ধর্ম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। অনেক খ্রিস্টানই এটা দেখে খুশি নন যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে। আর এ কারণে তাদের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।

তিনি আরও বলেন, আমি আশা করি, মানুষ আন্তধর্মীয় শিক্ষা সম্প্রসারণের সুযোগ খুঁজবে। ব্যক্তিগত যোগাযোগ গুরুত্বপূর্ণ। যখন বিভিন্ন ধর্মীয় পরিচয়ের মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, তখন তা ইতিবাচক উপায়ে ‘অন্য পক্ষকে’ মানুষ হিসেবে বুঝতে সাহায্য করে।”

পিউয়ের ধর্মবিষয়ক গবেষণা বিভাগের পরিচালক অ্যালান কুপারম্যান উল্লেখ করেন, মুসলিম ও খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধির অধিকাংশই ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে এই দুই ধর্মের অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। ধর্মান্তরের ভূমিকা সেখানে খুবই সামান্য।

তিনি আরও বলেন, আমি মনে করি না, এটি এমন কোনো পরিস্থিতি, যেখানে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি খ্রিস্টানদের ব্যয়ে ঘটছে। তবে এই গবেষণার ফলাফলকে কেন্দ্র করে শিরোনাম বা বর্ণনার মাধ্যমে এমন কোনো সংঘাতের চিত্র তুলে ধরে বিভ্রান্তি ছড়ানো হতে পারে, যেখানে দেখানো হবে যে মুসলিমদের কাছে খ্রিস্টানরা হেরে যাচ্ছে—এ নিয়ে আমি উদ্বিগ্ন।

কিছু অঞ্চলে বাড়ছে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা

বিশ্বের অনেক দেশে ‘ননস’ বা কোনো ধর্মীয় পরিচয় নেই—এমন মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এই শ্রেণির মানুষের মধ্যে রয়েছেন নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং কোনো ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিরা।

চীনকে হিসাবের বাইরে রাখলে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অন্যান্য অঞ্চলে এই ‘ননস’ জনগোষ্ঠীর সংখ্যা ১৮ কোটিরও বেশি বাড়বে বলে জানিয়েছে পিউ। চীনে এই শ্রেণির মানুষের অনুপাত অনেক বেশি হলেও দেশটির সামগ্রিক জনসংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পিউয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চেক প্রজাতন্ত্র, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উরুগুয়ে ও ভিয়েতনামসহ ১০টি দেশে ‘ননস’ বা ধর্মীয় পরিচয়হীন মানুষেরা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠ।

পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যও এই তালিকায় যুক্ত হবে।