১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দেশটির আল-মালামাহ প্রত্নতাত্ত্বিক এলাকায় খননকাজ চালানোর সময় মসজিদটির ধ্বংসাবশেষ ও বেশ কিছু প্রাচীন নিদর্শন পাওয়া গেছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মসজিদটি ইসলামী বর্ষপঞ্জির প্রথম শতকের। অর্থাৎ এটি ইসলামের শুরুর দিকের স্থাপনা। খননকাজের চতুর্থ পর্যায়ে আবাসিক এলাকার পশ্চিম পাশে মসজিদটির সন্ধান মেলে।
গ্রানাইট পাথর দিয়ে তৈরি মসজিদটির দেয়ালে ইসলামী শিলালিপি পাওয়া গেছে। এর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠের কথাও রয়েছে। স্থাপনাটিতে মিহরাব, প্রবেশপথ ও একটি মিনারের চিহ্ন পাওয়া গেছে।
১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের অবদান তুলে ধরতে নতুন উদ্যোগ
মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৬ মিটার এবং প্রস্থ ১০ মিটার। এর চারপাশে পাথরের তৈরি কয়েকটি কক্ষও রয়েছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এসব কক্ষ সামাজিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো।
খননকাজে মাটির পাত্র, পাথরের তৈরি জিনিসপত্র, শস্য পেষার সরঞ্জাম এবং জাঁতা-পেষাইয়ের অংশও পাওয়া গেছে। এসব নিদর্শন থেকে ওই সময়ের মানুষের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকেরা।
প্রত্নতাত্ত্বিকদের মতে, এলাকাটিতে সোনা, রুপা ও তামার আকরিক উত্তোলন ও প্রক্রিয়াজাত করা হতো। ফলে প্রাচীনকালে এটি ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ছিল।
সূত্র: সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা, সৌদি প্রেস এজেন্সি, খালিজ টাইমস






























