স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয় : হাসিনার ফেরা প্রসঙ্গে জয়সওয়াল

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নয়াদিল্লিতে বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার প্রত্যর্পণের এ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
জয়সওয়াল বলেন, ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি।
চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ভারতে দুই বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, তাকে শুধু প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত দিতে হবে।
গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেছেন, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি বলেন, শেখ হাসিনা প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন। এ ছাড়া তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে তার দেশে ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যান হাসিনা। এরপর থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি। চলতি মাসে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার লক্ষ্যে তিনি একটি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছিলেন।
২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।




























