কক্সবাজার সদরে র্যাব-১৫ এর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক- ১

কক্সবাজার সদর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ হত্যা ও মাদক মামলার এক কুখ্যাত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজারের একটি টহল দল জানায়, ঈদকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২২ মার্চ ২০২৬ ইং তারিখে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লিংকরোড সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁ’য় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) এবং দুই রাউন্ড তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কাশেম কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার মোশারফ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি হস্তান্তরের উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন। পাশাপাশি তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেন।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



























