কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা না দেওয়ায় স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর, একটি গাভি ও বাছুর, ধান-চাল এবং ঘরের আসবাবপত্র।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর হোসেন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত গৃহবধূ শিউলী আক্তার তার স্ত্রী।

স্থানীয় সূত্র ও পরিবারের সুত্রে জানা যায়, মাদকের জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করেন আলমগীর। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রথমে শিউলীকে মারধর করেন। পরে তাকে ঘরের ভেতরে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

শিউলীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। আগুনে দুটি বসতঘর, একটি গাভি ও তার বাছুর, প্রায় ১৫ থেকে ২০ মণ ধান, চাল এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শিউলী আক্তারকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম রুহিত বলেন, মাদকের টাকার বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।