কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকার বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এ সময় বাল্যবিবাহের সামাজিক, পারিবারিক, শিক্ষাগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয় ও সমাজের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ(অব:) মীর্জা মো: নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলজার হোসেন , এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের প্রোগ্রাম অফিসার মকলেছুর রহমান, সহকারী প্রোগ্রাম অফিসার ফাহমিদা হামিদ, সিএফই ভলান্টিয়ার রেজওয়ানুল হক নুরনবীসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও আইনি প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে তারা নিজেরা বাল্যবিবাহ থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবার ও সমাজে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী/রানারআপ দল ও সেরা বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।