কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা করলো সন্ত্রাসীরা!

কুয়াকাটায় সংবাদ প্রকাশকের জেরে দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশকর্মী কেএম বাচ্চুকে হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে পর্যটন নগরীর হোটেল সৈকতের সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের হাতুড়ির একাধিক আঘাতে গুরুতর আহত এ সংবাদকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলছে পুলিশ
স্থানীয়দের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ রানা ও কুয়াকাটা পৌর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে বেশ কয়েকজনের একটি দল কেএম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে এলোপাথাড়ি পেটালে তিনি গুরুতর আহত হন।
পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসক।
এদিকে সংবাদকর্মীর উপর এমন ন্যাক্কারজনক হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে দোষীদের চিহ্নিত করে আটকের পর শাস্তির দাবীর জানিয়েছেন তারা।
মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকে অভিযান চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
















