কুয়াকাটায় হোটেলে ইয়াবা সেবনে বাধা, মালিককে পিটিয়ে পা থেঁতলে দিল সন্ত্রাসীরা

কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় এক আবাসিক হোটেল মালিককে নির্মমভাবে পিটিয়ে দুই পা থেতলে দিয়েছে সন্ত্রাসীরা।
রোববার (১ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার শিকার ব্যক্তি লোকমান মৃধা, হোটেল কুয়াকাটা প্যালেস-এর মালিক।
হামলার পর রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নামের দুই ব্যক্তি তার হোটেলে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় তারা লোকমান মৃধার ওপর হামলা চালায়। হামলাকারী রাসেল ও মিরাজ ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত।
আহতদের স্বজনরা জানান, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার দুই পা থেঁতলে দেয়। এসময় তার চারটি দাঁত ভেঙে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
আহতের হোটেল মালিকের কন্যা সাজেদা জানান, রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। বাবা বাধা দেওয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নির্মম নির্যাতন করেছে। আমার বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এবিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






























