কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের তীর থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গঙ্গামতি এলাকার সংরক্ষিত বন সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ জানায়, মরদেহ উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ থেকে ৪০ বছর হতে পারে। এছাড়া মরদেহটির পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি পরিহিত ছিল। তবে গেঞ্জিতে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম লেখা ও সংগঠনের লোগো রয়েছে।
স্থানীয়রা জানান, জোয়ারের পানিতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসে মরদেহটি এই সৈকতে আটকে গেছে। সন্ধ্যায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে স্থানীয়রা।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, আমাদের ধারণা এটি কেন জেলের লাশ। কারণ পড়নে হাফ প্যান্ট ছিল। শালটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।






























