কুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইআইসিটি-২০২৫’ সমাপ্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজন করা তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২৫)” এর সমাপনী অধিবেশন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনস অ্যান্ড কনস্যুলার অ্যাফেয়ার্স) এম. ফরহাদুল ইসলাম। অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইআইসিটি-২০২৫ এর কনফারেন্স চেয়ার ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৫টি দেশ থেকে আসা গবেষক ও প্রকৌশলীরা ইলেকট্রিক্যাল, ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির আধুনিক গবেষণা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে মোট ১০৪২টি টেকনিক্যাল পেপার থেকে বাছাইকৃত ১৪২টি পেপার ২৫টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময় ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী সেরা গবেষণাপত্রগুলোর জন্য ফাতেমা রশিদ ও আইইইই বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সম্মেলনে আমেরিকা, ফ্রান্স, জাপান, কানাডা, তাইওয়ান, থাইল্যান্ড, আরব আমিরাত, সৌদি আরব, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) এই আয়োজনের টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করেছে।