ধান বাঁধতে ব্যস্ত কৃষক, ভাতের পোঁটলায় ‘ভালোবাসা’

দিগন্তজোড়া ফসলের মাঠ জুড়ে এখন আমন ধানের সোনালি ফসল।হেমন্তের কোমল রোদে সোনার ঝিলিক ছড়াচ্ছে পুষ্ঠ ধানের শীষে যেন প্রকৃতির বুকে আঁকা এক সোনালি ক্যানভাস। মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধানে মৌ- মৌ গন্ধে মাতোয়ারা কৃষকের সেদিকে তাকানোর ফাঁকা সময় নেই। কাস্তের ক্যাচাৎ ক্যাচাৎ মুঠি মুঠি ধান কেটে গোলায় তোলাই এখন তাঁদের একমাত্র ধ্যান।

রোদে পোড়া ঘামঝরা পরিশ্রমে একসময় জাগিয়ে ওঠে তীব্র খিদে। কিন্তু বাড়ি ফিরে দু’ মুঠো খেয়ে আসার ফাঁকা সময় কোথায়? তবে কৃষকের এই নিরব কষ্ট ঠিকই বোঝেন তাঁর বধূ। তাই সংসারের কাজ সামলে ঠিক দুপুরবেলায় খাবারের পোঁটলা মাথায় মাঠে ছুটে আসেন বধূ।

বুধবার (১৮ নভেম্বর) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামে মেলে এমনই এক দৃশ্যের। চারদিকে কৃষকরা আমন ধান কাটা, বাঁধা ও বাড়ীতে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। মাঠের মেঠোপথ পেরিয়ে খেতের সরু আল দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন এক নারী। একহাতে কাপড়ে বাঁধা খাবারের পোটলা অন্য হাতে পানিভরা জল।

এ বিষয়ে ওই নারী মৃদু হেঁসে জানালেন, মাঠে কাজ করা স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন। হাতে সময় কম, তাই কথা বলতে হলে খেতে যাওয়ায় আহবান জানালেন তিনি। কথার মাঝে তাড়া থাকলেও চোখেমুখে লেগে ছিল প্রশান্তির হাসি।তাঁর নাম শ্রীমতী মাধবী রাণী। তাঁর বাড়ি থেকে ধানক্ষেতের দূরত্ব ৩০০মিটার।

প্রতিদিনের মতো সেদিনও স্বামীর দুপুরের খাবার নিয়ে ছুটে এসেছেন মাধবী রাণী। খেতে পৌঁছাতেই তাকে দেখে কাজ থামিয়ে এগিয়ে এলেন স্বামী শ্রী মহেন্দ্র।স্বামীর সঙ্গে খাবার নিয়ে খেতের একচিলতে ফাঁকা জায়গায় বসে গেলেন তিনি। পোঁটলা খুলে পরম যত্নে স্বামীর সামনে গরম ভাত ও তরকারি সাজিয়ে দিতে লাগলেন মাধবী রাণী। তা হাতে পেয়ে ক্ষুধার্ত মহেন্দ্র তাড়াতাড়ি খেতে লাগলেন এবং পাশে ছিলো নাতিন তাকেও খেয়ে দিতে লাগলেন। কারণ তাঁকে যে ধানের কাজ করতে হবে।

খাবার শেষে মহেন্দ্র যখন তৃপ্তির ঠেকুর তুলেছেন, তখন পাশে বসে টুকিটাকি গল্পও সেরে নিলেন। পাশে বসে দুষ্টামি করে যাচ্ছেন নাতিন।

প্রায় ২৮ বছর আগে ঘর বাঁধে শ্রী মহেন্দ্র ও মাধবী রাণী। তাদের সংসারে রয়েছে ৩ মেয়েও স্বামী – স্ত্রী। আগেই দু’মেয়ের বিয়ে হওয়ায় এখন ছোট মেয়েকে নিয়ে তাদের ছিমছাম সংসার। ছোট মেয়ে পড়েন নবম শ্রেণিতে। নিজের জমিতে চাষাবাদের পাশাপাশি অন্য সময়ে নির্মাণ শ্রমিক ও অন্যের জমিতে কাজ করেন। ধান কাটার ভরা মৌসুমে কাজের চাপ থাকে অনেক বেশি।বাড়ি গিয়ে খেয়ে এলে অনেক সময় নষ্ট হয়, কাজেও ভাটা পড়ে। তাই স্বামীর কষ্ট লাগব করতে মাঠে খাবার নিয়ে আসেন মাধবী।

মাধবী রাণী বলেন,’ সকালে ঘুম থেকে উঠে তোমার দাদা( মহেন্দ্র) মাঠে আইসা ধানের কাজে আসিছে। মুই সকালের কাজকর্ম সারিয়া ভাত তরকারি রান্না করিয়া সবার আগোত ওমার জন্য নিয়ে আসিনো। ওমা যখন তৃপ্তি নিয়ে খাবার খায়, তখন পরানটা ভরে যায়।’

শ্রী মহেন্দ্র বলেন,’ সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে মাঠে কাজ করতে করতে খুব খিদে নাগে। বউ ভাত আনার পর ওই ভাত খেলে ক্ষুধা নিবারণ হয়। খাত খাওয়ার পর একটু জিরিয়া আবার মাঠে ধানের আটি বাঁধার কাজ শুরু করিম।’

প্রতিবেশী অবলা রাণী বলেন, ‘ মহেন্দ্র দাদা খুব পরিশ্রম করে। সবসময় পরিশ্রম করে। তাঁর রয়েছে দেড় হতে দু’ দোনের নিজস্ব জমি। (১ দোন= ২৭ শতাংশ)।তিনি নিজের জমিতে চাষাবাদের পাশাপাশি রাজমিস্ত্রী ও দিনমজুরির কাজ করে সংসার চালান। জীবন সংসারে উন্নতি করতে সবসময় পরিশ্রম করে যায়।’

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেছেন,” নারীদের হাত ধরে কৃষির সূচনা হয়েছে। কৃষাণীরা সবসময় কৃষকদের সহযোগিতা করে থাকে। মাঠে কৃষক কাজ করে আর কৃষাণীরা তাদের জন্য পোঁটলায় খাবার নিয়ে যায়। এ চিত্র গ্রামীণ জীবনে আগে সবসময় দেখা মিলতো। কিন্তু এখন এ দৃশ্য অনেকাংশে কমে গেছে।