খুলনায় আইকনিক শিক্ষকদের সাথে ‘অলরাউন্ডার বাংলাদেশ’ বিষয়ে মতবিনিময় সভা

খুলনা শহরের স্বনামধন্য ও আইকনিক শিক্ষকদের অংশগ্রহণে ‘অলরাউন্ডার বাংলাদেশ’ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থ্রি সিক্সটি ডিগ্রি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর নিউ মার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘অলরাউন্ডার বাংলাদেশ’ কার্যক্রমের লক্ষ্য, শিক্ষার গুণগত উন্নয়ন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী শিক্ষকেরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থ্রি সিক্সটি ডিগ্রি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মো. তাকদীরুল গনী, প্রধান সমন্বয়ক এইচ এম ফাহিম।
এছাড়া খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষকদের মধ্যে ছিলেন খুলনা জিলা স্কুলের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন আলম, খুলনা পাবলিক কলেজের শিক্ষক আব্দুর রাশেদ, খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সোইয়েদুন্নেছা লিয়া, সেন্ট জোসেফ স্কুলের শিক্ষক হিমাংশু কুমার গোলদার।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ইয়াসমিন নাহার, নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাউদ আল ফয়সাল রাজু, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শামসুন নাহার জলি, রোটারি স্কুলের শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান তারেক, খুলনা নিউজপ্রিন্ট মিলস্ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাবারাকা তাবু এবং কেটিভি টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক নয়, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষায় গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষকদের সম্পৃক্ত করে ‘অলরাউন্ডার বাংলাদেশ’ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। আগামী ৯ জানুয়ারি, ২০২৬ শুক্রবার সকাল দশটা থেকে সেমিনার এবং ভর্তি কার্যক্রম শুরু হবে।
শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন করতে বাংলা প্রমিত উচ্চারণ, বক্তৃতা, বিতর্ক, অভিনয়, ইংলিশ অলরাউন্ডার কোর্স ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধি কোর্স পরিচালনা করে থাকে।
থ্রি সিক্সটি ডিগ্রি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিক্ষা ও মানবিক উন্নয়নে এ ধরনের মতবিনিময় সভা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।





























