খুলনায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের স্মারকলিপি

দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজার কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে খুলনা সদরসহ জেলার ১০টি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানি ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও দাখিলের সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান বন্ধসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এ ছাড়া দলিল লেখকদের জন্য থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে বসার ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, দেশের প্রায় দুই লাখ দলিল লেখক দীর্ঘদিন ধরে জনগণের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা দিয়ে আসছেন এবং এ খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়। তাই তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

খুলনা জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. ফিরোজ হাসানসহ বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।

দলিল লেখক নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তারা সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সভা, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবিগুলো দ্রুত বাস্তবায়নে আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।