খুলনা বিভাগে ভোটার তালিকায় বড় পরিবর্তন নতুন ভোটার ৭ লাখ ৮৮ হাজার, বাড়ল ১৪৯ ভোটকেন্দ্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগে ভোটার তালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনে নতুন করে যুক্ত হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮০১ জন ভোটার। ভোটার সংখ্যা বৃদ্ধির প্রভাব পড়েছে ভোটকেন্দ্র কাঠামোতেও—বিভাগজুড়ে ভোটকেন্দ্র বেড়েছে ১৪৯টি। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ জন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে ৪৭টি এবং ভোটকক্ষ বাড়ছে ৫৪৩টি।

আসনভিত্তিক হিসাবে খুলনা-৪ আসনে নতুন ভোটার যুক্ত হওয়ার সংখ্যা সর্বাধিক—২৩ হাজার ৩০০ জন। এরপর খুলনা-৫ আসনে ১৯ হাজার ৫৭৯ জন, খুলনা-৬ আসনে ১৮ হাজার ১৫ জন, খুলনা-১ আসনে ১৬ হাজার ৮৩৮ জন, খুলনা-২ আসনে ১৫ হাজার ২২ জন এবং খুলনা-৩ আসনে তুলনামূলকভাবে কম—৮ হাজার ৬৯৯ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।

বিভাগজুড়ে নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১১ হাজার ৯৮৬ জন এবং নারী ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৭৫৮ জন। তবে ভোটার সংখ্যা বাড়লেও পুরো খুলনা বিভাগে মোট ভোটকক্ষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭৫টিতে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্র সংখ্যা বাড়িয়ে ভোটার চাপ সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ভোটকক্ষ কমে যাওয়ায় নির্বাচন ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা প্রয়োজন হবে।

খুলনা জেলার আসনভিত্তিক মোট ভোটার সংখ্যার হিসাবেও বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। খুলনা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন, খুলনা-২ আসনে ৩ লাখ ৩৫ হাজার ২৪১ জন, খুলনা-৩ আসনে ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন, খুলনা-৪ আসনে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন, খুলনা-৫ আসনে ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন এবং খুলনা-৬ আসনে সর্বাধিক ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন ভোটার রয়েছেন।

এই ছয় আসনে মোট পুরুষ ভোটার ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন, নারী ভোটার ১০ লাখ ৫৪ হাজার ৮৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৯ জন। পুরো খুলনা জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা বর্তমানে ৮৪০টি।

এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিও এগিয়ে চলছে দ্রুতগতিতে। ব্যালট বাক্সসহ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম ইতোমধ্যে খুলনা বিভাগের ১০টি জেলায় পৌঁছে গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, ভোটার সংখ্যা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।