গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাট জাগ দেওয়া শেষে সাঁতার কেটে কুমার নদী পার হতে গিয়ে মিজানুর রহমান (৬২) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্য, কান্দি কুমার নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিবিরকান্দী গ্রামের মৃত-রশীদ খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান শনিবার ১৫ আগস্ট দুপুরের দিকে বাড়ির পাশের কুমার নদীতে পাট জাগ দেওয়া শেষে নদী সাঁতার কেটে পার হওয়ার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন।

নিখোঁজের পর তাকে খোঁজাখুঁজির করে সন্ধান পাওয়া যায়নি। আজ রবিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গোহালা ইউনিয়নের ভট্টাচার্য কান্দি কুমার নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।