চাঁদপুরের হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সিদলায় সুপারি গাছ থেকে পড়ে ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদলা গ্রামের পাটওয়ারী বাড়ির একটি সুপারি গাছে ওঠে ইমন। এ সময় গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। তবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেন মারা যায়।

নিহত ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাইল সরদারের ছেলে। সে সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।