ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ২

ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতে ইসলামী সমর্থকদের চারটি বাড়ি, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন জামায়াত অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন এবং দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা (নং-০৬) দায়ের করেন।

অভিযোগে বলা হয়, কালাম মেম্বারের নেতৃত্বে একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়ি ও মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি কুড়ের কুটে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হন।

এ ছাড়া মোস্তফা মাস্টার ও ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতে ভাঙচুর, পাটিখালঘাটা বাজারের দুলালের ফার্মেসি ও আব্দুর রবের চায়ের দোকানে হামলার অভিযোগ করা হয়েছে। ইউনিয়ন জামায়াত অফিসেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ১২ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলা ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের ছগির হাওলাদার নামে এক ব্যবসায়ীর দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাজনৈতিক নয় ব্যক্তিগত শত্রুতার কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করেছেন এলাকাবাসী।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেন, ঘটনায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।