টেকনাফে র্যাব-১৫ এর অভিযান মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সলিম উল্লাহ (৩২)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানতে পারে যে, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ২০২৬ রাত ৮টা ১০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাকে ঘেরাও করে আটক করে। পরে তার পরিচয় নিশ্চিত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সলিম উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকার মৃত আনোমিয়ার ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানার মামলা নং-৩৫(৭)২০২১, জিআর নং-৩৩৬/২০২১ দায়ের ছিল। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়। মামলার রায়ে আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধে র্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।























