থামছেই না হামে আক্রান্ত ও মৃত্যু, ঝরে গেল আরও ৪ প্রাণ

কোনো কিছুতেই থামছেনা হামে আক্রান্ত ও মৃত্যু। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হাম এবং এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। এই যেমন গত ২৪ ঘণ্টায় দেশে হাম এবং এর উপসর্গে ৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০৫ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে উপসর্গে ১ হাজার ১৩৬ জনের আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন। আর ৪ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জন।
১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এবং ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।






























