দিনাজপুরের বীরগঞ্জে শালবাগানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগডোমা শালবাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকালে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাসেল রানা (২২)। তিনি ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি শালবাগানে লিচু সংগ্রহ করতে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাসেল রানার মরদেহ দেখতে পান। পরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে জানান।
খবর পেয়ে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এছাড়া বাম পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























