এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি :ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। বর্তমানে বেশির ভাগ সবজি ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকায় এবং মানভেদে শিম ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছে। তবে নতুন দেশি পাকা টমেটোর দাম এখনো তুলনামূলকভাবে চড়া রয়েছে। এদিকে মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও গরুর মাংসের বাজারে স্বস্তি ফেরেনি।
১৪ নভেম্বর শনিবার শার্শা উপজেলার বাগআঁচড়া কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কমেছে।
পটোল, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা কেজি, উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে ১৫ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতিটি ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যাচ্ছে।
তবে টমেটোর দাম এখনো বেশ চড়া; নতুন দেশি পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানীকৃত টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু, পেঁয়াজ ও রসুনের বাজার গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। আলু প্রতি কেজি ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শার্শার বাগআঁচড়া বাজারের সবজি বিক্রেতা কামরুজ্জামান সেন্টু জানান, বাজারে এখন টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতের সবজির সরবরাহ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং দিন যত বাড়বে, সরবরাহ আরও বাড়লে সবজির দাম আরও কমে আসবে।
এদিকে বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা এবং গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে তেলাপিয়া ১২০ টাকা কেজি, সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা, মানভেদে রুই ১৪০ থেকে ২০০ টাকা, মিরগেল ১৪০ থেকে ১৮০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে পেঁয়াজ, আদা ও রসুনের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। মাছের বাজারে সব ধরনের পণ্যের দাম কমেছে। ফলে সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাংস কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
























