নওগাঁয় বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁয় চিরায়ত বাংলার ঐতিহ্য ও উৎসবের আমেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,মো. মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),শাহাদাৎ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা, মুনির আলী আকন্দ, ডেপুটি সিভিল সার্জন সহ প্রমুখ।
সভায় আসন্ন নববর্ষ উদযাপনে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের আয়োজনে থাকছে,বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সকালে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বর্ণিল র্যালি বের করা হবে।চিত্রাঙ্কন প্রতিযোগিতা: শিশুদের মাঝে সৃজনশীলতা ছড়িয়ে দিতে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন বলেন, “বাঙালির এই প্রাণের উৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।” এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।






























