নেত্রকোনার মদনে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে মদন থানার এসআই (নিঃ) ফয়সাল সঙ্গীয় এএসআই কামাল, এএসআই আনোয়ার ও এএসআই সাকিবসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি মদন উপজেলার ০৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের বালই ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়।
এ সময় বালই ব্রিজের কাছে জনৈক উজ্জলের মনোহারি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোঃ রিপন মিয়া (৩০), পিতা মৃত আব্দুল জব্বার ওরফে রাইনত এবং একরাম হোসেন রাব্বি (২৩), পিতা আব্দুস ছালাম। তারা উভয়েই নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মেন্দিপুর ইউনিয়নের নুরপুর বোয়ালী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।






























