পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমাণ অর্ধকোটি

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে ওয়ার্কশপ চালের আড়ত ও কসমেটিকস’র দোকান সহ অন্তত ৭ টি স্থাপনা সম্পূর্ণ পু্ড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২২ এপ্রিল) বিকাল তিনটা দশ মিনিটের সময় উপজেলার ধানখালী সোমবাড়িয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওয়ার্কশপ থেকে বিদ্যুৎ শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে বলে জানান ভুক্তভোগীর স্বজনরা।

স্থানীয়রা প্রথমে আগুনের লেলিহান শিখা থামাতে ও ক্ষয় খতি এড়াতে আপ্রাণ চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে অগ্নি নির্বাপক দলের সদস্যদের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধানখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন জানান, একটা ওয়ার্কশপ থেকে বিদ্যুতের মাধ্যমে এই আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় সহ সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অনেক বড় সর্বনাশ হয়ে যায়। তিনি বলেন, আগুনে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান একেবারে ধ্বংস হয়ে গেছে। এছাড়া ৬টি স্থাপনা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটিরও বেশি হবে বলে তার ধারণা।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কেন্দ্রের সাব অফিসার (দায়িত্বরত) আবুল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত গিয়ে পৌঁছাই। কিন্তু প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ হয়। এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিপন নিরূপণ করা যায়নি। তবে অর্ধ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তিনি।