পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি ইটভাটায় অভিযান, চার লাখ টাকার অর্থদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার নাচনাপাড়া মহল্লার আরপাঙ্গাশিয়া নদীর তীরবর্তী মেসার্স ভাই ভাই ব্রিকস , বিসমিল্লাহ ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকসে এই অভিযান চালানো হয়।

এ সময় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, ড্রাম চিমিনির ব্যবহার, অনুমতিবিহীন টপ সয়েল কাটার অপরাধে তিনটি ইটভাটায় চার লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তামিম।

একই সময় কাঁচা ইট, প্রস্তুতকৃত ইট, ড্রাম চিমনি ও ভাটার চুল্লি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ’ দিক নির্দেশনায় অভিযানকালে পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক ও সহকারী বন সংরক্ষক পটুয়াখালী উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী এই অর্থদন্ড প্রদান করা হয়েছে।