পটুয়াখালীর কলাপাড়ায় পুনর্বাসন কেন্দ্র থেকে তরুণী গৃহবধূর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা বেগম নামে ২০ বছর বয়সী এক তরুণী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া পুনর্বাসন প্রকল্পের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ ওই ইউপির পুনর্বাসন কেন্দ্রের ২৩৩ নম্বর ঘরের মো. নাজমুলের স্ত্রী। এই দম্পতির ঘরে একটি তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ গৃহবধূর পরকীয়া সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এনিয়ে কদিন আগে কলাপাড়াতে শালিস বৈঠকও হয়েছে। শনিবার সকালে ফের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
পরে বদ্ধ ঘরে দুপুর ১২ টার দিকে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এর কিছু সময় পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে বিকেল তিনটার দিকে মরদেহ উদ্ধার করে।
তবে মৃতের স্বামীর দাবী একই আবাসনের আবির নামের এক ছেলের সঙ্গে ফারজানার পরকীয়া চলছিল। এবং সেই ছেলের সঙ্গে চলে যেতে চেয়েছিল। একারণে সংসারে ঝগড়া হত।
কলাপাড়া থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিস সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তবে মৃতের পরিবার থেকে কোন অভিযোগ দেয়নি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।






























