পটুয়াখালীর কলাপাড়ায় খাবার পানি আনতে গিয়ে বৃদ্ধার করুন মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় খাবার পানি আনতে গিয়ে সড়ক পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে রহিমা বেগম নামে (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির চারলেন লাগোয়া মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ওই ইউপির পশ্চিম রজপাড়া গ্রামের বিএনপি নেতা শাজাহান মুসুল্লির স্ত্রী।
মৃতের কন্যা রেবা বেগম বলেন, সন্ধ্যায় তার মা প্রয়োজনীয় টিউবওয়েল’র পানি আনতে সড়ক পার হচ্ছিলেন। এসময় উত্তর পাশ থেকে এসে সজোরে তার মাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি সিটকে সড়কের পাশে পড়ে যান।
তিনি বলেন, দ্রুত গতিতে আসা ওই মোটরসাইকেলের ধাক্কায় তার মা পাজর এবং কোমরের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
কিন্তু পথিমধ্যে নেওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। পরে রাতে তার মৃত্যু হয়। কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সেবক পলাশ কালবেলাকে বলেন, জরুরি বিভাগে নিয়ে আশার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বরিশাল প্রেরণ করা হয়েছিল।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আর হাসপাতাল কর্তৃপক্ষও আমাদের জানায়নি।














