প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে যশোরের মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তাঁর এই অর্জনে গর্বিত পরিবার, স্বজন ও এলাকাবাসী।
ড. আব্দুল আলীম যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের প্রয়াত হোমিও চিকিৎসক ডা. আব্দুল করিম ও আমেনা বেগমের ছয় সন্তানের মধ্যে পঞ্চম। ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখা আলীম অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃহত্তর যশোর জেলায় প্রথম স্থান অর্জন করেন। পরে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় বোর্ডে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি। ১৮তম বিসিএসে সব ক্যাডারের মধ্যে প্রথম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পরে কমনওয়েলথ বৃত্তিতে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আন্তর্জাতিক অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন।
কর্মজীবনে জাতিসংঘে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তঃসরকারি সহায়তা ও সমন্বয় কার্যালয়ের ডেপুটি চিফ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) উপ-কর্মসূচির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. আব্দুল আলীম। বাংলাদেশসহ এলডিসিভুক্ত ৩৩টি দেশের বিভিন্ন উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা-সংক্রান্ত বিষয়ে কাজ করেছেন তিনি।
বাংলা, ইংরেজি ও আরবি ভাষার পাশাপাশি উর্দু, হিন্দি ও ফরাসি ভাষাতেও তাঁর দক্ষতা রয়েছে।
ড. আলীমের বড় ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, “ছোটবেলা থেকেই আলীম ছিল শান্ত, বিনয়ী ও অসম্ভব মেধাবী। আমরা ভাই হিসেবে তার সাফল্যে আনন্দিত, কিন্তু তার চেয়েও বেশি গর্বিত—আমাদের গ্রামের একটি ছেলে আজ দেশের হয়ে বিশ্বমঞ্চে কাজ করছে। বাবা-মা বেঁচে থাকলে এই দিনটি তাঁদের জন্য সবচেয়ে বড় আনন্দের হতো।”
স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ আহমেদ শফি বলেন, “আব্দুল আলীমের সাফল্য শুধু একটি পরিবারের অর্জন নয়, এটি মনিরামপুরের শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। মেধা, সততা ও অধ্যবসায় থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও বিশ্বপরিসরে নেতৃত্ব দেওয়া সম্ভব—আলীম তার বাস্তব উদাহরণ।”
মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু বলেন, “মনিরামপুরবাসীর জন্য এটি অত্যন্ত গর্বের সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন মনিরামপুরের সন্তান—এ অর্জন আমাদের এলাকার পরিচিতিকে আরও উজ্জ্বল করেছে। তাঁর সাফল্য নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে।”
বর্তমানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন ড. আব্দুল আলীম। তাঁর বড় ছেলে সামিদ আলীম বোস্টন বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ছোট ছেলে আরাদ আলীম নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিবিএ এবং মেয়ে আব্রিয়ানা আলীম নিউইয়র্কের একটি স্কুলে পড়াশোনা করছেন। তাঁর স্ত্রীও শিক্ষকতা করছেন।
মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মুহিব বুল্লাহ বলেন, “লাউড়ীর প্রত্যন্ত গ্রাম থেকে জাতিসংঘের বিশ্বমঞ্চ—ড. আব্দুল আলীমের এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি মনিরামপুরের মানুষের জন্য গর্ব, আর নতুন প্রজন্মের জন্য স্বপ্ন দেখার সাহস।”






























