টিকটকে পরিচয়

প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরে যুবককের সাথে তরুণীর বিয়ে

ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরের শার্শা উপজেলার এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামে এক মালয়েশিয়ান তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে বিয়ের মাধ্যমে।

ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে বেশ চাঞ্চল্য ও কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগ হোসেন (৩৪) যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে। দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের পরিচয় রূপ নেয় গভীর ভালোবাসার সম্পর্কে।

দীর্ঘদিনের সেই সম্পর্ককে পরিণতি দিতে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সেই সিদ্ধান্ত থেকেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন তিনি।

পরে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও আত্মীয়-স্বজন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টিকটকে পরিচয়, এরপর ভালোবাসা এবং সবশেষে দুই দেশের দুই মানুষের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার এ ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।