বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতে নিসচার সচেতনতামূলক সমাবেশ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক-পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করতে চালক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দরে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার আয়োজনে কিচক বন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে সড়ক পারাপার এবং স্থানীয় ব্যবসায়ীদের সড়কের ওপর অবৈধভাবে মালামাল না রাখার বিষয়ে সচেতন হতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই নিরাপদ সড়ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় আরও বক্তব্য রাখেন, উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচার উপদেষ্টা হারুনুর রশিদ, বিএনপি নেতা আনিছুর রহমান, রাব্বিন হোসেন, এসআই হোসেন আলী, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি শাজাহান আলী, কনক দেব, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী প্রমুখ।

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রচারাভিযানের মাধ্যমে চালক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সমাবেশ শেষে পথচারী ও স্থানীয়দের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।