মনিরামপুরের পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরা বাওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে বাড়িতে নিয়ে এলে তাদের মৃত্যু নিশ্চিত হয়।
একই পরিবারের চাচাতো ভাই-বোন দুই শিশুর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান।






























