যশোরের রাজগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুজ্জামান (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান ঝাঁপা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে এবং দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুজ্জামানের স্ত্রী বাড়িতে না থাকায় তিনি রাতের খাবার তৈরির জন্য রাইস কুকারে রান্না করছিলেন। এ সময় কুকারে ত্রুটি দেখা দিলে তিনি সেটি ঠিক করার চেষ্টা করেন। পরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু মুছা।