রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন ভেন্ডাবাড়ী মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ মাঠে অধ্যক্ষ নুরুন্নবী মিয়া রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, প্রভাষক জাকির হোসেন।
এতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আয়েশা সিদ্দিকা রিমি, একাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, ভেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সত্য রঞ্জন রায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি একজন শিক্ষার্থীর মানবিক, নৈতিক ও সামাজিক বিকাশের অন্যতম ভিত্তি। আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক শুভ সূচনা। তিনি শিক্ষার্থীদের মনোযোগ, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
পরিশেষে ফুলেল শুভেচ্ছা, স্মারক উপহার ও শুভকামনার মধ্য দিয়ে ২০২৬ সালের উক্ত কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।





























