লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দামের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজা আব্দুল জলিলের (৩৫)। শনিবার সকালে মারামারির ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই গ্রামে।
স্থানীয়রা জানায়, আব্দুর রাজ্জাক ও তার ভাই আক্কাস আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে ওই জমিতে পোয়ালের পালা দেয়াকে কেন্দ্র করে শনিবার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে চাচা আব্দুর রাজ্জাক ও তার ছেলে সাদ্দামের লাঠির আঘাতে চাচাতো ভাই আব্দুল জলিল গুরুতর আহত হন।
স্থানীয়রা জলিলকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে নিহত আব্দুল জলিল ওই এলাকার আলকাস আলীর ছেলে।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের আটকে কাজ করছে পুলিশ।






























