রাজশাহীর গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাগল, গরু আগুনে পুড়ে দিনমজুরের বসতঘরসহ সর্বস্ব ছাই

রাজশাহীর গোদাগাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার। আগুনে পুড়ে একটি ছাগল মারা গেছে এবং একটি গাভী গরু গুরুতর দগ্ধ হয়েছে। এছাড়া ওই পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম রিকশা-ভ্যান, ঘরের আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়ার বই ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিত্যব্যবহারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণে বেঁচে বের হতে পারলেও ঘরের ভেতরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি।

আগুনের তীব্রতায় গোয়ালঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গর্ভবতী গরু গুরুতরভাবে দগ্ধ হয়। এছাড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর হেলালের উপার্জনের একমাত্র সম্বল রিকশা-ভ্যানটি। সেই সাথে ঘরে থাকা আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, স্কুলপড়ুয়া মেয়ের বইখাতা এবং প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্রসহ মুহূর্তেই সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সবকিছু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও সহায়-সম্বলহীন। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এই অসচ্ছল পরিবারটিকে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।