বগুড়ার মোকামতলায় নিসচার সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব ও নিসচার উপদেষ্টা রোকন-উদ-দৌল্লা রুবেল। প্রধান বক্তা ছিলেন, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মিঠু এবং অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠান পরিচালনা করেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন, অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, নিসচার সিনিয়র যুব বিষয়ক সম্পাদক ওসমান গনি, আইন সম্পাদক মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম, সজীব ও পলাশ মন্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের সচেতন করলেই হবে না; পথচারী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের প্রতিটি মানুষকে সড়ক ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীরা আগামী দিনের নাগরিক। তাই শিক্ষাজীবন থেকেই তাদের মধ্যে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় নির্ধারিত স্থান ও জেব্রা ক্রসিং ব্যবহার, চলন্ত যানবাহনে ওঠানামা না করা, সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। নিরাপদ সড়ক শুধু কোনো সংগঠনের দাবি নয়; এটি প্রতিটি নাগরিকের অধিকার ও দায়িত্ব। সম্মিলিত সচেতনতা, আইন মেনে চলা এবং পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সমাবেশে অভিরামপুর উচ্চ বিদ্যালয় ও অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চার শতাধীক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।