স্বপ্ন এখন বাণিজ্যিক চাষ

শখ থেকে সাফল্য: কলারোয়ায় বাড়ির আঙিনায় আঙুরের ফলন

সাতক্ষীরার কলারোয়ায় শখের বসে বাড়ির আঙিনায় আঙুরের চারা রোপণ করে সাফল্যের মুখ দেখেছেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম হোসেন। মাত্র এক বছরের মধ্যেই তার লাগানো পাঁচটি ভিন্ন জাতের আঙুর গাছে ধরেছে সাদা ও লাল রঙের থোকা থোকা ফল। স্বাদেও মিষ্টি ও সুস্বাদু এসব আঙুর।

উপজেলার বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ির উঠানে অল্প পরিসরে শুরু করা এই চাষে পরিচর্যা বাবদ খরচ হয়েছে মাত্র দুই থেকে তিন হাজার টাকা। নিয়মিত যত্ন আর আগ্রহেই মিলেছে কাঙ্ক্ষিত ফলন।

শামীম হোসেন জানান, প্রথমে শখ থেকেই আঙুরের চারা রোপণ করেছিলেন। তবে গাছে ভালো ফলন আসায় এখন তিনি বাণিজ্যিকভাবে আঙুর চাষের পরিকল্পনা করছেন। তার এই সফলতা দেখে আশপাশের অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আঙুর চাষে।

স্থানীয়রা বলছেন, বাড়ির আঙিনায় এমন ব্যতিক্রমী ফল চাষ অন্যদেরও উৎসাহিত করবে।