সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র প্রত্যাহার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশায় মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে চূড়ান্তভাবে বিএনপির মনোনয়ন প্রদান করা হয় ড. মনিরুজ্জামান মনিরকে।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করে তিনি জানান, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে তিনি ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দলীয় ঐক্য ও সাংগঠনিক স্বার্থকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আলহাজ্ব মো. আব্দুল ওয়াহেদ বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিজেও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।






























