সিলেটের বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি হলো ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।
তিনি আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণকারীদের প্রশিক্ষণ পরিদর্শণ ও ট্যাব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
এমপি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য উপকারভোগীদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম বা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে দলেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া , পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৭ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি এমপি তাহসিনা রুশদীর।






























