সাজেকে বাঘাইহাট সেনাজোন পরিদর্শক করেন সেনাবাহিনী প্রধান

দুর্গম পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন ও টাইগার টিলা সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় হেলিকপ্টার যোগে বাঘাইহাট জোন সদরে অবতরণ করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দায়িত্ব পালনের খোঁজখবর নেন। প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মাঝেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাশাপাশি, সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার জন্য তিনি সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।