৩১ দফার মাধ্যমেই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়বে বিএনপি: বকুল

বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব এবং তরুণ প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষার ভিত্তিতেই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার খালিশপুর ১২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল ভোটারদের বিভ্রান্তকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে—নির্দিষ্ট মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামে এমন কোনো বক্তব্য নেই। এ ধরনের অপপ্রচার শিরকের শামিল উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই নারী উন্নয়ন, সামাজিক সংস্কার ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খাদ্য রপ্তানির পথ উন্মুক্ত করেছিলেন।
শিক্ষাক্ষেত্রে বিএনপিই প্রথম নকলমুক্ত পরীক্ষা পদ্ধতি চালু করে এবং বেগম খালেদা জিয়া শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি চালু করেন। পাশাপাশি সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজনসহ ইসলাম প্রচার-প্রসার এবং আলেম সমাজের মর্যাদা রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
বিগত ১৬ বছরে দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে উল্লেখ করে রকিবুল ইসলাম বকুল বলেন, এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই—ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। খালিশপুরের মানুষের ভাগ্য পরিবর্তনে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহিদুল হোসেন, সাধারণ সম্পাদক মো. খোদাবক্স কোরাইশি কাল্লু, সাংগঠনিক সম্পাদক এস. আরিফুর রহমান শিমুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





























