সাতক্ষীরার শ্যামনগরে কুরআনের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত অসহায় কুরআনের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। শ্যামনগর থানার অন্তর্গত বারোটি ইউনিয়নের ২০টির অধিক মাদ্রাসায় অধ্যয়নরত অসহায় ও দরিদ্র কুরআনের শিক্ষার্থীদের মাঝে এসব লেপ বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন (অবসরপ্রাপ্ত সার্জেন্ট)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হাসানুর রহমান, মোস্তফা, কামাল, মাসুম, ইব্রাহিম, সুমন ও মুজাহিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতের সময় অসহায় কুরআনের শিক্ষার্থীরা চরম কষ্টের মধ্যে দিন পার করছে। এসব শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। মানবিক দায়বদ্ধতা থেকে শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে বক্তারা উল্লেখ করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সাংবাদিক আব্দুস সালাম ও এবিএম কাইয়ুম রাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।






























