শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা!

সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে এক সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় তিনি পাশের একটি মাছের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পেলেও, ক্ষুব্ধ নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে স্ত্রী-সন্তানদের নির্যাতন করে এবং বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। ভুক্তভোগী বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। এছাড়া তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।

ভুক্তভোগী সাংবাদিক বিলাল হোসেন জানান, বুধবার গভীর রাতে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ শীর্ষ নেতারা সড়কে অপেক্ষা করছেন।

বিষয়টি জানতে বিলাল হোসেন ও তার বৃদ্ধ বাবা আক্তার মল্লিক সড়কে গেলে সেখানে ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, মমিনুর রহমান মমিন, আব্দুল্লাহ এবং সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও বেশ কয়েকজনকে দেখতে পান।

বিলাল হোসেনের অভিযোগ, সড়কে পৌঁছানোমাত্রই ওই নেতারা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন নেতাকর্মীরা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে অপহরণকারীদের হাত থেকে ছিনিয়ে নেন। এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেসবুক লাইভে আসেন তিনি এবং জীবন বাঁচাতে পাশের একটি ঘেরে পালিয়ে যান।

বিলাল হোসেনকে না পেয়ে ক্ষুব্ধ বিএনপি ও যুবদল নেতাকর্মীরা পুনরায় তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা উল্টো বিলালের বৃদ্ধ বাবা আক্তার মল্লিককে পুলিশের হাতে তুলে দেয়।

চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ অস্বীকার করে শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান দাবি করেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। এক সৈনিক লীগ নেতার মোবাইলে থাকা টেলিগ্রাম গ্রুপে বিলালের যুক্ত থাকার তথ্য পেয়ে তারা তাকে সতর্ক করতে গিয়েছিলেন। তাদের দাবি, বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন এবং তার বাবা পুলিশের গাড়িতে হামলা করায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে তিনি পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বেলাল সেখান থেকে চলে যান। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।

বেলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে, একজন পেশাদার সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর মধ্যরাতে এমন ন্যাক্কারজনক হামলা, চাঁদাবাজি ও অপহরণ চেষ্টার ঘটনায় শ্যামনগরসহ পুরো জেলার সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিজেদের পেশাগত দায়িত্ব পালন ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন স্থানীয় সাংবাদিকরা।