ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাজারের একটি লেপ–তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ আশেপাশের অন্তত ১০ টি দোকান পুড়ে যায়। এরমধ্যে ৫ টি দোকানসহ মালপত্র একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। বাকিগুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইলসহ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট
প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা কাজ করেন। স্থানীয় মানুষজনও পানি সরবরাহ ও মালামাল সরিয়ে নিতে সহায়তা করেন। অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ– কিশোরগঞ্জ মহাসড়কের দু’পাশে অন্তত দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চলন নামে একটি কসমেটিকস দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি তিনটি লেপতোশকের দোকান ও একটি খাবার হোটেলের মালপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ওষুধের ফর্মেসি, ফ্লেক্সিলোডের দোকানসহ আরও ৫ টি দোকানের অসংখ্য মালামাল পুড়ে গেছে।
কসমেটিকস দোকান ‘চলন’ এর মালিক মোশাররফ হোসেন ফারুক বলেন, আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। পুড়ে যাওয়া অপর একটি মার্কেটের মালিক লুৎফুল কবীর লিন্টু মিয়া বলেন, ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। তবে আমার মার্কেটে ৩ টি লেপতোশকের দোকান ছিল ওগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে বলতে পারছিনা।
লেপতোশক ও কাপড়ের দোকানের একজন মালিক মো. শামসু মিয়া বলেন,
আমার অন্তত ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একে এম হারুন অর রশিদ বলেন, অগ্নিকাণ্ডে পৌর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে তাঁদের পাশে বাজার ব্যবসায়ী সমিতি
দাঁড়াবে। এ ছাড়া উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
ময়মনসিংহ ফায়ারসার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎ
শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপাতত বলা যাচ্ছেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সহযোগিতা করা হবে।






























