সুন্দর চেয়ার টেবিল দেখতে আগ্রহীও না, উৎসাহীও না, ছাত্রদের রেজাল্ট ভালো করতে হবে- ইকবাল হোসেইন

‘সুন্দর চেয়ার টেবিল দেখতে আমি আগ্রহীও না, উৎসাহীও না, ছাত্রদের রেজাল্ট ভালো করতে হবে’ এমন মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। শনিবার দুপুুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বিল্ডিং বানিয়ে দিচ্ছি, আপনারাও আমাদেরকে ফিরত দেন। আপনারা ছাত্রদেরকে ভালো করে পড়ান, তাহলে তো ছাত্ররা ফেল করবে না। একজন বাবা-মা’র দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েকে স্কুলে দেওয়া। তাকে শিক্ষিত করার দায়িত্ব হচ্ছে শিক্ষকদের। আর সেইটা যদি আপনারা করতে না পারেন তাহলে তো তারা ফেল করবে।
আপনারাও ফেল কইরেন না, আমাদেরকেও ফেল করায়েন না। আমি চাই গৌরীপুরে শিক্ষার মান বাড়াতে। বাংলাদেশে যে গড় ফলাফল হয়, সেই গড় ফলাফলের চেয়ে গৌরীপুরে উপরে থাকতে হবে। এটা আমার দাবী। যদি আগামী বছর এইটা না থাকে তাহলে কিন্তু আমি এ্যাকশনে যাবো। শিক্ষকদেরকে পড়াইতে হবেই, ছাত্রদেরকে বুঝায়ে হউক, পিটায়ে হউক রেজাল্ট ভালো করাতেই হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক।
উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক।
গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সুলতান সোবহান, আব্দুর রহমান বাবুল, শফিকুল ইসলাম তালুকদার, শাহ ওবায়দুল্লাহ সুমন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমীন প্রমুখ।






























