প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী

যশোর-নড়াইল মহাসড়কে দুর্ধর্ষ এক অভিযানে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে ৪৯ বিজিবি।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে এই বিশাল চালানটি উদ্ধার করা হয়। পাচারকারীরা গাড়ির সিটের ‘হেড রেস্ট’-এর ভেতরে অত্যন্ত সুকৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে রেখেছিল।
গোপন তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল আগে থেকেই নীলগঞ্জ ব্রিজের ওপর ওত পেতে থাকে। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেট্রো-গ-২২-৭৯৩০ নাম্বারের একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় বিজিবি। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও বিজিবি সদস্যদের তীক্ষ্ণ নজরে পড়ে গাড়ির সিটের উপরিভাগ। সেখানে বিশেষ কায়দায় তৈরি লুকানো কুঠুরি থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের মোট ২৬টি স্বর্ণের বার।
আটককৃত পাচারকারীরা হলো যশোরের শার্শা থানার রনি (৩৬), চৌগাছার আব্দুল গনি (৫৪) এবং কোতোয়ালীর বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।
তাদের থেকে আটককৃত স্বর্ণের বাজারমূল্য ৬ কোটি ৩৯ লক্ষ ৪৭ হাজার ৪০ টাকা। সর্বমোট ৫ টি মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ডিভাইস ও প্রাইভেট কার সহ সিজার মূল্য: ৬ কোটি ৫৮ লক্ষ ৭০ হাজার ৮৬৭ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আটককৃতরা। তারা জানায়, ঢাকার উত্তরা ও আব্দুল্লাহপুর এলাকার বড় চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে তারা যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি গণমাধ্যমকে জানান, “ভারতে স্বর্ণ পাচারের একটি সক্রিয় সিন্ডিকেটকে আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি কোনো প্রকার আপস করবে না।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






























