চট্টগ্রামের সাতকানিয়ায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযান চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বুধবার গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদক উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী, চোরাকারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতকানিয়া থানার একটি হত্যা মামলার পলাতক আসামী বাজালিয়া ইউনিয়নে অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা যাচাই শেষে গত ২১ মে ২০২৬ রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে আসামী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীর নাম কপিল উদ্দিন ওরফে কফিল উদ্দিন (৩৪)। তিনি সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মৃত সালেহ আহম্মদের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতকানিয়া থানার সিআর মামলা নং-৮৬৭/২৪ এর অধীনে হত্যা মামলা রয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩৬৪/৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।