শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা

রাঙামাটি পার্বত্য জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে একটি নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, আনসার, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বলেন, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে তিনি সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক প্রশাসনকে তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন ও সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ও টহল, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি চিহ্নিতকরণ, আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ সংস্থার প্রস্তুতি ও গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।